black dot কপালের কালো টিপ পড়ুক চোখে x bfa x fxyz web

কপালের কালো টিপ পড়ুক চোখে

“আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে!” নাকি কপালের কালো টিপ পড়বে চোখে…!”

বেশ অনেকটা আগের কথা। বাংলা সিনেমা তখনো সাদাকালো গণ্ডি পেরোয়নি। রাজ্জাক-শবনমের সিনেমার একটি গানে নায়ক ঠোঁট মেলান গায়কের, “আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে!” কিন্তু অনেক শ্রোতাই এই ‘কপোল’ ও ‘তিল’ শব্দদ্বয়কে গুলিয়ে ফেলেন তাদের নিত্য পরিচিত চেহারার সাথে। তাই ভুলোমনা শ্রোতার গায়কীতে এখনও অনেকে গেয়ে ওঠেন, “কপালের কালো টিপ পড়বে চোখে…!”
.

প্রেয়সীর ললাটে ফুটে থাকে যে চাঁদ, তার নাম বেশিরভাগ সময়ই বাঙালির কাছে টিপ। সে চাঁদে অমাবস্যায় ডেকে আনে পূর্ণিমা, প্রথম দেখায় ডেকে আনে রোদেলা আকাশ কিংবা ঝলমলে সূর্যের উপহার। ভ্রুযুগলের মাঝে বাস করা এক ফোঁটা দাগও যে সৌন্দর্যের ব্যাকরণ বদলে দিতে পারে ভীষণভাবে, তা বোধহয় টিপ পরা কাউকে না দেখলে বিশ্বাস হবে না কখনো।

Sunerah Binte Kamal

সাদাসিধে সব টিপের কথা

একেবারে আটপৌরে কিছু টিপের কথা বললে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙের ছোট থেকে বড় গোল টিপ, বিশেষত কালো ও লাল– আবার একটু ঝলমলে উদযাপনের জন্য সাদা পাথরের টিপ। অন্তত নব্বই দশকের লোকদের বিশেষ সাজে তো পাথুরে টিপের ভূমিকা একটু আলাদাই। এই বে7শিরভাগ মৌলিক টিপই হচ্ছে গোলাকৃতির। এরপর আসে সর্পিল আকৃতির কিংবা জলের ফোঁটার মতো টিপের গল্প। একটু অধুনা সাজ আনতে এই টিপগুলো করে তোলে বর্ণিল সাজের ভণিতা।

Sunerah Binte Kamal

নকশি টিপের নকশাকারু

আগের মতো মৌলিক টিপগুলো এখনো যখন সাজের অন্যতম অঙ্গ হয়ে আছে, তখন সমান্তরালে জন্ম নিয়েছে নকশি টিপের জগতও। সে টিপে শিল্পী মনের মতো তুলি চড়িয়ে চলেন, এঁকে যান ইচ্ছেমতো ছবি। কপালে বসে থাকা ছোট্ট একটা টিপও তখন হয়ে ওঠে যেন বিশাল ক্যানভাস। একুশেরও গরিমা উদযাপনের ‘অ’, ‘আ’, ‘ক’, ‘খ’ ইত্যাদি অক্ষর থেকে শুরু করে শরতের কাশবন, কিংবা দেবীর ত্রিনয়না মুখখানা– সবই ভেসে ওঠে টিপের জমিনে। আর সেই টিপ কপালে নিয়ে পরিধানকারী পোশাক ও গহনার চেয়েও যেন বিশেষ করে তোলেন এই একটুখানি শৃঙ্গারকে।

টিপের ইতিহাস কী বলে?

সাজের অন্যতম অংশ এই টিপ কিন্তু একসময় হয়ে দাঁড়িয়েছিল হিন্দু সমাজের বর্ণপ্রথার প্রতীকও। টিপ দেখেই চিনে নেয়া যেতো সেই মানুষের জাতও। হ্যাঁ, তখন শুধু নারী নয়– পুরুষের ললাটেও শোভা পেতো টিপের ব্যবহার। টিপের একটি প্রাচীন রূপ হচ্ছে তিলক বা টিকা। পবিত্রতার প্রতীক হিসেবে হিন্দু ব্রাহ্মণরা কপালে পরতেন সাদা তিলক। আর ক্ষত্রিয়দের তো স্বভাব-চরিত্র বংশ পরিচয়েই রয়েছে দারুণ তীব্র আচরণ। হিংসা-দ্বেষ, মারামারি তাদের নিত্য কাজ। তাই তারা পরতেন যুদ্ধাংদেহী বর্ণের লাল টিপ। অন্যদিকে মাঝারি মানের বৈশ্যদের জুটতো মানুষজনের একটু কম পছন্দের রঙ, অর্থাৎ হলুদ টিপ আর শূদ্ররা একেবারেই নিচু জাতি বলে তাদের কপালে আপাত অশুভের বার্তা– মানে, কালো টিপ। রঙেরও যে রাজনীতি থাকতে পারে এবং সেটিকে মানুষের মধ্যে ভেদাভেদেও খুব ভালোভাবে ব্যবহার করা যায়, এটি বোধহয় এরই দৃষ্টান্ত।

ঠিক এমনভাবেই আমাদের আধুনিক জীবনেও কিন্তু টিপের মাধ্যমে ব্যক্তির স্থান ও অবস্থান বুঝে নেবার একটা ভালো কৌশল পাওয়া যায়। আর তা হচ্ছে আমাদের পছন্দের অঙ্গন, বিনোদন জগতে। বিভিন্ন সময়ের ভারতীয় ধারাবাহিকের খলনায়িকাদের কপালে থাকা টিপগুলো খুব কমই গোল আর সাধারণ হয়। খলনায়িকার কপালের টিপ মানেই যেন বাঁকাত্যাড়া, একটু প্যাঁচানো– যেন টিপেরও মাধ্যমেই জানিয়ে দেয়া হচ্ছে তাদের চরিত্রের জটিলতাও। অন্যদিকে নায়িকা চরিত্র একেবারে ভোলাভালা, দুনিয়ার কিচ্ছুটি বোঝে না– ঘরের বধূ সেইসব নারীর দুই ভুরুর মাঝখানে একটা ছোট্ট বিন্দুই যথেষ্ট টিপের জায়গা পূরণে।

স্নেহের বার্তা টিপ

মনে পড়ে সেই ছোটবেলার কথা? যখন মায়েরা আমাদের কপালের এত বড় একটা কালো টিপ দিয়ে রাখতেন, যাতে কারো নজর না লাগে। সকল অশুভ দৃষ্টি থেকে দূরে রাখতেও টিপের ব্যবহার সত্যিই মনে রাখার মতো। শুধু নিজেরা টিপ পরিয়েই শান্ত হতেন না তারা, চাইতেন দূর অজানার চাঁদের কাছেও সাহায্য। আবদারে ছড়া কাটা হতো, স্নেহময় সে বার্তা ছড়াতো– “আয় আয় চাঁদমামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা!”

প্রেম হোক বা স্নেহ, সাজ কিংবা নিজের অবস্থান নিশ্চিত করতে বিপ্লবের প্রতীক হিসেবে– টিপ সবসময়ই আমাদের নিত্যকার ফ্যাশন, জীবনযাপনের বেশ ভালো জায়গা জুড়ে রয়েছে। আক্ষরিক অর্থে সে জায়গা শুধু ভাগ্যলিখনের একটুখানি কপাল জুড়ে হলেও মাহাত্ম্যের দিক দিয়ে টিপ নিজেকে আকাশের চাঁদ কিংবা সূর্যের মতোই করে রেখেছে সদা-উজ্জ্বল, সদা অস্তিত্ববান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us