Tarun Ghosh, Artist of Bangladesh শিল্পী তরুণ ঘোষ Archive series x bfa x fxyz

শিল্পী তরুণ ঘোষ | Tarun Ghosh

তরুণ ঘোষ তার ক্যানভাসে আমাদের লোক-মিথ, আধুনিত রূপে উপস্থাপন করেছেন। তাঁর অসাধারণ সৃষ্টি ‘বেহুলা’ সিরিজ। এই কাজে তিনি অর্জন করেছেন এশিয়ান এওয়ার্ড।

বাংলার লোককথা কখনো শুধু গল্প নয়—এগুলো সময়ের ভেতর জমে থাকা বিশ্বাস, স্মৃতি আর প্রতিরোধের ভাষা। সেই ভাষাগুলোই নতুন রঙ, নতুন ফর্ম আর নতুন ব্যাখ্যায় ফিরে আসে শিল্পী তরুণ ঘোষের ক্যানভাসে।
তাঁর কাজে বেহুলা শুধু পুরাণের চরিত্র নয়—সে হয়ে ওঠে এক প্রতীক, এক যাত্রা, এক স্থিরতা ও সংগ্রামের গল্প। লোকজ ঐতিহ্যকে তিনি শুধু পুনরাবৃত্তি করেন না; বরং তা ভেঙে নতুন করে নির্মাণ করেন—সমকালীন চোখে, ব্যক্তিগত ভাষায়।

শিল্পভাবনা ও কাজের ভাষা

তরুণ ঘোষের কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে লোকজ মিথ—বিশেষ করে বেহুলা-লখিন্দরের গল্প, যা তিনি বারবার ফিরে দেখেছেন। তাঁর এই সিরিজগুলোতে লোককাহিনি আর সমকালীন অভিজ্ঞতা এক ধরনের ভিজ্যুয়াল সংলাপ তৈরি করে।

রঙের ব্যবহারে তিনি সচরাচর সংযত, কিন্তু প্রতীকী। ফিগারগুলো প্রায়ই স্থির অথচ ভাসমান—যেন সময়ের নির্দিষ্ট কোনো মুহূর্তে আটকে নেই। এই ভাসমানতা তাঁর কাজকে একধরনের স্বপ্নময়, কখনো কখনো অতিরৈখিক অনুভূতি দেয়।

মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাও তাঁর কাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইতিহাস, লোকবিশ্বাস এবং ব্যক্তিগত অনুভূতি—এই তিনের মিশেলে তাঁর ক্যানভাসে তৈরি হয় এক ধরনের layered narrative।

বাংলাদেশের আধুনিক শিল্পচর্চায় তরুণ ঘোষ সেই শিল্পীদের একজন, যারা লোকজ ঐতিহ্যকে নতুনভাবে দেখার সাহস করেছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে চারুকলার যে নতুন দিকনির্দেশনা তৈরি হচ্ছিল, তিনি তার প্রাথমিক প্রজন্মের অংশ ছিলেন।

চারুকলা ইনস্টিটিউটে প্রথম বৈশাখ উদযাপনের পোস্টার “ আনন্দ শোভাযাত্রা “ ডিজাইন করেন শিল্পী তরুণ ঘোষ।

তাঁর কাজ আমাদের মনে করিয়ে দেয়—লোককথা অতীতের বিষয় না, বরং একটি চলমান ভাষা। সেই ভাষাকে তিনি ব্যক্তিগত ও সমকালীন করে তুলেছেন, যা তাকে বাংলাদেশের শিল্পভুবনে একটি স্বতন্ত্র অবস্থান দেয়।

শিল্পী তরুণ ঘোষ

জন্ম: ২০ আগষ্ট ১৯৫৩, রাজবাড়ী, বাংলাদেশ
মাধ্যম: চিত্রকলা, আর্ট ডিরেকশন, অ্যানিমেশন

১৩৯৬ প্রথম বৈশাখ উৎসবের আনন্দ শোভাযাত্রা ডিজাইন করেন প্রয়াত শিল্পী তরুণ ঘোষ

বৈশাখ উৎসব ১৩৯৬, ঢাকা চারুকলা ইনস্টিটিউটে প্রথম বৈশাখ উদযাপনের পোস্টার “ আনন্দ শোভাযাত্রা “ ডিজাইন করেন শিল্পী তরুণ ঘোষ। “ বৎসরের আবর্জনা দুর হয়ে যাক”

শিল্পী তরুণ ঘোষ | সংগ্রাহক : মোহাম্মদ আসাদ

মোহাম্মদ আসাদের ডায়েরি থেকে

তরুণ ঘোষের সঙ্গে দেখা করি জাতীয় জাদুঘরে ১৯৯৮ সাল। তখন তিনি সেখানে কর্মরত। দুই বাংলার লোকশিল্প নিয়ে অনেক গল্প হয়। কথা হয়, কি করে তাঁর ক্যানভাসে আসল বেহুলা। ছোট্ট একটু কাগজে আমাকে বেহুলা আদলে একটি ছবি এঁকে দেন। হাতের কাছে একটা কালো রঙের সিগনেচার পেন এবং একটা লাল রঙের বলপেন ছিল। তাই দিয়েই এঁকেছেন। আমার মনে আছে লাল রঙ বের করার জন্য বলপেনটাকে ভাংতে হয়েছিল। তাঁর ছবিটি সেখানেই তোলা।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

আমাদের সোশ্যাল মিডিয়া লিংক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial